জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাংকার মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনতা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি অর্জন ও সুশাসন জোরদারে ভূমিকা রাখেন তিনি।
মাহবুব আলমের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস)। পরের বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং পেশায় যুক্ত হন তিনি।
ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মাহবুব আলম কর্মজীবনে যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পরবর্তী সময়ে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৩ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন মো. মাহবুব আলম। তার পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.