শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় আজ

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর হাইকোর্টে চূড়ান্ত রায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা করা হবে।

সোমবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশু আছিয়া। সেখানে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় আছিয়াকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই বছরের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ এপ্রিল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হয়।

২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ১৭ বছর বয়সী ভাই এবং শাশুড়ি জাহেদা বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

আইন অনুযায়ী, ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২০২৫ সালের ২১ মে মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পরে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টের বিশেষ বেঞ্চে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.