বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর প্রবাহে বড় ধরনের পতন দেখা দিয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাসে ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে গেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫ লাখ ৪২ হাজার ৪৩৮ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ৩৮ দশমিক ৫৩ শতাংশ।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
বিদেশগামী কর্মীদের সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব। গত ছয় মাসে দেশটিতে গেছেন ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন, যা মোট বিদেশগামী কর্মীর ৫০ দশমিক ৮৭ শতাংশ। তবে গত বছরের একই সময়ে সৌদি আরবে গিয়েছিলেন ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন। ফলে দেশের প্রধান শ্রমবাজারটিতেও কর্মী গমন উল্লেখযোগ্যভাবে কমেছে।
সৌদি আরবের পর সবচেয়ে বেশি কর্মী গেছেন সিঙ্গাপুরে ৪০ হাজার ৩৯৮ জন এবং কাতারে ৩২ হাজার ১২৭ জন। এছাড়া মালদ্বীপে ১৫ হাজার ৯৬৯, সংযুক্ত আরব আমিরাতে ১৩ হাজার ১২৯, কুয়েতে ১৩ হাজার ৭১, জর্ডানে ৮ হাজার ১৯৯, ইতালিতে ৫ হাজার ৩১৬, পর্তুগালে ৩ হাজার ৬০৮ এবং ইরাকে ২ হাজার ৮৬৩ জন কর্মী গেছেন।
তবে কয়েকটি শ্রমবাজারে ইতিবাচক প্রবণতাও দেখা গেছে। সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে গত বছরের একই সময়ের তুলনায় কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে।
সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলোতে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং বাজারভিত্তিক নানা সীমাবদ্ধতার কারণে সামগ্রিকভাবে জনশক্তি রপ্তানিতে এই পতন দেখা দিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.