তিনশ’ ফুট সড়কে ‘ডাকাতির’ ভিডিও ভুয়া: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক লাঠিসোঁটা হাতে চলন্ত একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করছেন। তারা গাড়ির কাচে আঘাত করছেন। তাদের হাত থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন চালক। বলা হচ্ছে, রাজধানীর তিনশ’ ফুট সড়কে ডাকাতির ঘটনা এটি। এ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনশ’ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে ডিএমপি।

ডিএমপি বলেছে, সম্প্রতি একটি গণমাধ্যমের ফেসবুক পেজে ‘তিনশ ফুটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়। তবে ভিডিওতে বর্ণিত ঘটনার কোনো বাস্তবতা নেই। তিনশ’ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য সংশ্লিষ্ট থানা বা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করছে ডিএমপি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.