২ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার চুক্তি

দেশের কর্মসংস্থান ত্বরান্বিত করা এবং তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করার লক্ষ্যে ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে স্বাক্ষরিত এই বিশেষ চুক্তির মাধ্যমে দেশের লক্ষিত ক্ষুদ্র উদ্যোগগুলোতে বর্ধিত অর্থায়নের নতুন পথ উন্মোচিত হলো।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক ভবনে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা। অন্যদিকে পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান।

দেশের সার্বিক কর্মসংস্থান জোরদারের লক্ষ্যে গত ২৩ মে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের মাধ্যমে বাস্তবায়নের জন্য ৫ হাজার কোটি টাকার এই বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে। পিকেএসএফ ইতোমধ্যে এ তহবিল ব্যবহার করে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। এ লক্ষ্যে কর্মসূচিটি মূলত তিনটি প্রধান উপাদানের সমন্বয়ে বাস্তবায়িত হবে। উপাদানগুলো হলো—আর্থিক সেবা দেওয়া, ব্যবসা গুচ্ছভিত্তিক মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন।

পিকেএসএফ সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় ব্যবসাগুলোকে সম্প্রসারণে সহায়তা করবে, যাতে ক্ষুদ্র ব্যবসা খাতে অন্তত ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এই ৫ হাজার কোটি টাকা একবার খরচ করে শেষ করা হবে না। বরং ঋণের টাকা ফেরত আসার পর তা আবার নতুন উদ্যোক্তাদের দেওয়া হবে। এতে অর্থের নিয়মিত জোগান বজায় থাকবে এবং দেশের সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানোর পথ আরও সুগম হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.