সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস উৎসব উপলক্ষে বনজ সম্পদ রক্ষা ও পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। এ বছর উৎসবে অংশগ্রহণকারীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। নির্ধারিত পথের বাইরে অন্য কোথাও অবস্থান করা যাবে না।
আগামী রোববার (২২ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে উৎসব ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
বন বিভাগ জানিয়েছে, বিগত বছরের মতো এবারও শুধু সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে অংশ নেওয়ার অনুমতি পাবেন।
প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে সুন্দরবনের শেষপ্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস উৎসবে সমবেত হন সনাতন ধর্মাবলম্বীরা। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের আগমনে এটি বড় ধর্মীয় সমাবেশে পরিণত হয়।
পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মাছ ধরা, বন্যপ্রাণীর ক্ষতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন বিভাগের সাধারণ টহল দলের পাশাপাশি ‘স্মার্ট টিম’ কাজ করবে। সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস উৎসব উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হবে। স্মার্ট টিমও নিরাপত্তা ও নজরদারিতে কাজ করবে। সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে।
এর আগে রাস উৎসব সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সহকারী বন সংরক্ষক মো. সাজমিনুর ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অসাধু চক্রের বনজ সম্পদ লুটের অপচেষ্টা রোধ এবং পুণ্যার্থীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, রাস উৎসবে তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন।
নির্ধারিত পাঁচ নৌপথ
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, তীর্থযাত্রীরা লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে নিচের যেকোনো একটি পথ ব্যবহার করে দুবলার চরে যাতায়াত করতে পারবেন।
১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।
২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত দিয়ে দুবলার চর।
৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর।
৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর।
৫. বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.