কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল একই পরিবারের চারজনের

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ৬ মাস বয়সী শিশুকন্যা মাশ্রুফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। এ ছাড়া সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় চালকেরা সহজে ট্রেন আসার বিষয়টি দেখতে পান না।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.