চট্টগ্রামে বন্যায় স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত এইচএসসি পরীক্ষা আবার শুরু হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শুরু হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, উভয় পরীক্ষার স্থগিত অংশের লিখিত পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, আজ এইচএসসিতে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পরীক্ষা হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শেষ হবে।

বোর্ড জানিয়েছে, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।

আজ থেকে আলিম পরীক্ষাও

একই কারণে স্থগিত থাকা আলিম পরীক্ষাও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস, ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত আলিম পরীক্ষা শেষ হবে।

গত ৯ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থগিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা শেষ হওয়ার দিনই সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.