ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ এমকিউ-৯ ড্রোন ধ্বংস

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজেদের এমকিউ-৯ ড্রোনের ২৫ শতাংশ হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া ড্রোনগুলোর মূল্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থে ১৫ হাজার ৯৩৯ কোটি টাকার সমান।

গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা বারবার বলেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু অতি মূল্যবান এসব ড্রোন ধ্বংসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ইরানিদের প্রতিরক্ষা শক্তি এখনো অক্ষত আছে।

একেকটি এমকিউ-৯ ড্রোনের দাম ৩০ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ডলার। এগুলোর দাম নির্ভর করে নজরদারি ক্ষমতা ও নিখুঁত লক্ষ্যভেদের ওপর।

এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল অথবা জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা বহন করতে সক্ষম।

এই ড্রোনগুলো ধীরে এবং নিচ দিয়ে চলে। এর ফলে ইরানের সেনা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সহজে এগুলো ভূপাতিত করতে পারেন।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ড্রোনগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। যেখানে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যেসব অস্ত্র ফুরিয়ে আসছিল, তার মধ্যে এমকিউ-৯ অন্যতম।

যেহেতু দামি ড্রোনগুলো ইরান সহজেই ধ্বংস করে দিচ্ছে, তাই যুক্তরাষ্ট্র এখন কমদামি ড্রোন ব্যবহারের চিন্তা করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.