আল উদেইদে হামলায় ইরানের ৩ পাইলটকে কাতার আটক করেছে: ইরান

যুক্তরাষ্ট্রের কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালাতে গিয়ে ভূপাতিত হওয়া ইরানের দুটি সুখোই-২৪ যুদ্ধবিমানের তিন পাইলট জীবিত রয়েছেন এবং তাদের কাতার আটক করে রেখেছে বলে দাবি করেছে ইরান।

শনিবার (১৫ আগস্ট) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের রেডক্রসকে পাঠানো একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আল উদেইদ বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালাতে গিয়ে দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে চার পাইলটের মধ্যে একজন নিহত হন। বাকি তিনজনকে জীবিত আটক করে কাতার।

ইরানি কর্মকর্তার দাবি, আটক তিন পাইলট হলেন জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাসতিয়ান ও ওমরান বেহরাভেসিয়ান। গত ছয় মাস ধরে তাদের কাতারে আটক রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বা যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

চিঠিতে তিন পাইলটের মুক্তির জন্য রেডক্রসের সহযোগিতা চেয়েছেন জেনারেল বাঘেরজাদেহ।

এর আগে গত মাসে মাজিদ কাজেমি নামের এক পাইলটের মরদেহ কাতার থেকে ইরানে নিয়ে যাওয়া হয়। মার্চের শুরুতে চার পাইলটই আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার উদ্দেশ্যে যুদ্ধবিমান নিয়ে গিয়েছিলেন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

হামলার পর ইরান বাকি তিন পাইলটকে নিখোঁজ হিসেবে উল্লেখ করলেও এবারই প্রথম তাদের কাতারের হাতে আটক থাকার দাবি জানাল।

আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক বিমানঘাঁটি এবং কাতারে মার্কিন সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ কেন্দ্র।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.