খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলা: কারাগারে জগলুল পাশা

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পিপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে বসুন্ধরার একটি বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামি এবং অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন মারাত্মক অস্ত্রশস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে সারাদিন সেখানে থাকে। দিনভর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে। আসামিরা রাস্তার ওপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালিয়ে রাস্তা বন্ধ করে দেয়। জনসাধারণের চলাচলে এবং খালেদা জিয়া যেন সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য রাস্তার ওপর ত্রাস সৃষ্টি করে। গণতান্ত্রিক অধিকার হরণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয় এবং রাস্তার আশপাশে বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। খালেদা জিয়া বারবার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.