ইরানে ‘বড় ধরনের আঘাতে’র ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিছুক্ষণ আগে ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমাদের বড় কিছু করতে হবে। এতে একটি বড় ধরনের আঘাত অন্তর্ভুক্ত থাকতে পারে। তাদের কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

এরপর তিনি স্বীকার করেন যে জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। তার ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ এটি পছন্দ করেনি।

ফক্স নিউজে নিজের প্রতিক্রিয়া জানানোর এক পর্যায়ে ট্রাম্প বলেন, তিনি এই ফলাফলকে তার প্রেসিডেন্ট পদের জন্য কোনো “ধাক্কা” বলে মনে করেন না, যদিও ধারণা করা হচ্ছে যে, তার দল কংগ্রেসের উভয় কক্ষেই আসন হারাতে যাচ্ছে।

তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরেই এমন একটি বড় জয়ের অপেক্ষায় ছিল এবং অবশেষে তারা তা অর্জন করেছে। এরপর তিনি তাদের “ভালো কাজ” করার জন্য অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট এ সময় গত দুই বছরের অর্জনগুলোও তুলে ধরেন; বিশেষ করে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষিণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি তার প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.