একাদশ শ্রেণিতে ভর্তিতে থাকছে না পরীক্ষা, জানাল শিক্ষা বোর্ড

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নীতিমালার খসড়া প্রস্তাব পাঠিয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। গত বছরের মতো ফল বা নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে। এ লক্ষ্যে সংশোধিত নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি কার্যক্রম মেধাক্রম ও শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে সম্পন্ন হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.