সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় যতদূর প্রয়োজন, ততদূর পর্যন্ত পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ শাখার (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তার বিষয়টি পাকিস্তানের কাছে শর্তহীন। কূটনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘কূটনৈতিক এবং সামরিক উভয়ভাবেই পাকিস্তান সৌদি আরবের পাশে আছে।’
গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানানো হলো।
পাকিস্তানের এই সেনা কর্মকর্তা বলেন, মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সেনাসদস্যরা ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। পবিত্র এই দুই শহরে কোনো ধরনের হামলা হলে পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানান তিনি।
তবে বর্তমানে কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান আহমেদ শরিফ চৌধুরী।
এর আগে সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলায় তায়েফ শহরে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক। আহত দুজনের একজন সৌদি আরবের এবং অন্যজন পাকিস্তানের নাগরিক।
হুথিদের সৌদি আরব লক্ষ্য করে হামলা শুরুর পর এ ঘটনাতেই প্রথম প্রাণহানির খবর পাওয়া যায়।
এর আগে বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে একটি ড্রোন ছুড়েছিল। তবে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করে দেওয়া হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.