রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, এমন পরিস্থিতিতে একই সময়ে বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
রোববার (২ আগস্ট) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজি বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি নিয়মিতভাবে ভূমিকম্পের সময় করণীয়, নিরাপদ আশ্রয়, লিফট ব্যবহার না করা এবং টর্চলাইট, প্রয়োজনীয় ওষুধ ও বাঁশিসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার বিষয়ে প্রচারের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ ভবনের ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী উদ্ধারকৌশল নির্ধারণ করা হয়। তাই সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদেরও নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি ফায়ার স্টেশনকে বিশেষ পরিকল্পনার আওতায় আনা হয়েছে। প্রয়োজন হলে এসব স্টেশন থেকে দ্রুত জনবল ও উদ্ধার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে একটি ড্রাই এক্সারসাইজও সম্পন্ন হয়েছে। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারের উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার পরিবহনের বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালক ছালেহ উদ্দিন, উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার, ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম, স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম ও মো. আশেক আল মারুফ প্রশিক্ষক হিসেবে অংশ নেন।
এ সময় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার জামান দীপসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.