ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সঙ্গে শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সংযোগ তৈরি এবং শিক্ষাজীবন থেকে করপোরেট কর্মজীবনে উত্তরণের প্রস্তুতি জোরদারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথ–সিজন ২.০’-এর আরেকটি পর্ব সফলভাবে আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

বুধবার (২৯ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) রূপ রতন পাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকারি ও বেসরকারি খাতে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে সফল ক্যারিয়ার গড়তে ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শুরু থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এবং বাংলাদেশ ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সুবিধা কাজে লাগিয়ে আর্থিক সাক্ষরতা অর্জনের আহ্বান জানান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী। তিনি বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা, কর্মসংস্থান-উপযোগিতা এবং নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন।

প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান ব্যাংকের ৩১ বছরের সাফল্য, আর্থিক অন্তর্ভুক্তি এবং একাডেমিক উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’ সম্পর্কে আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের আগে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম।

বক্তারা বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ গঠনে উদ্ভাবন, আর্থিক সাক্ষরতা, ডিজিটাল রূপান্তর এবং আজীবন শেখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নৈতিক নেতৃত্ব এবং পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে সফল ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে ক্যারিয়ার ও ব্যাংকিং পেশা সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগ পান। এছাড়া একটি লাইভ মক ইন্টারভিউ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব সাক্ষাৎকারের অভিজ্ঞতা, গঠনমূলক মতামত এবং করপোরেট নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রাইম ব্যাংক জানায়, ‘এমপাওয়ারিং ইয়ুথ’ কর্মসূচির মাধ্যমে শিক্ষাক্ষেত্র ও শিল্প খাতের মধ্যে সেতুবন্ধন আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণদের ব্যবহারিক জ্ঞান, ক্যারিয়ার নির্দেশনা ও আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতন করে দক্ষ পেশাজীবী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.