ইরানের সঙ্গে ফের সমঝোতার আশা ট্রাম্পের, আলোচনা ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি

ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “তারা বৈঠক করতে চায় এবং আমরা আলোচনা করছি। দেখা যাক কী হয়। একটি চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপই ইরানকে আলোচনায় বসতে বাধ্য করেছে। তিনি বলেন, “আমরা যে পদক্ষেপ নিয়েছি, তা না হলে তারা কখনোই আলোচনায় আসত না। আমরা যদি দুর্বল অবস্থানে থাকতাম, তাহলে তারা বৈঠকের অনুরোধ করত না।”

তিনি আরও বলেন, “আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। যদি ইতিবাচক ফল না আসে, তাহলে দুই দিন আগে আমরা যা করছিলাম, আবার সেটাই শুরু করব।” যদিও সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ—রাশিয়া ইরানকে স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য দিচ্ছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করবেন।

তার ভাষায়, “খুব শিগগিরই আমরা বিষয়টি জানতে পারব। আমি পুতিনকে জিজ্ঞেস করব, তখনই বিষয়টি পরিষ্কার হবে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে অবস্থান এক কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা বেশির ভাগ বিষয়ে একমত, যদিও কিছু বিষয়ে সামান্য মতপার্থক্য রয়েছে।”

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। বৈঠকে ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি, লেবাননে ত্রিপক্ষীয় নিরাপত্তা কাঠামোর অগ্রগতি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও পৃথক বৈঠক করবেন ট্রাম্প। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা। তার ভাষায়, “এখনই এই যুদ্ধের অবসান ঘটানোর সময়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.