রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে উঠবেন তিনি। শারীরিক অবস্থার কারণে শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। তিনি বলেন, জটিল স্বাস্থ্য সমস্যার কারণে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকেও সঙ্গে নিয়ে বিদেশ যাবেন।
গত শনিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারির পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ রোগে আক্রান্ত হন, যার কারণে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। ইতোমধ্যে বাড়িটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।
এদিকে, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.