ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আজ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এর মধ্যে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবারের তাপমাত্রার তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ০ ডিগ্রি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি।
রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক ৪ ও সর্বনিম্ন ২৫ দশমিক ২, রাজশাহীতে সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ও সর্বনিম্ন ২৬ দশমিক ০, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ দশমিক ১ ও সর্বনিম্ন ২৬ দশমিক ১, খুলনায় সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৫ দশমিক ৫ এবং বরিশালে সর্বোচ্চ ৩২ দশমিক ৪ ও সর্বনিম্ন ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.