লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪ হাজার ৩২৮, আহত ১২ হাজারের বেশি

লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩২৮ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়তে থাকায় লেবাননের মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে। সংঘাত নিরসনে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও, দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সফরের অংশ হিসেবে তিনি ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের পর এই প্রথম কোনো লেবাননের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করছেন। সফরের ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট আউনের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনা চলমান রয়েছে। এরই অংশ হিসেবে কয়েক দিন আগে ইতালির রাজধানী রোমে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আলোচনার আরেকটি পর্ব সম্পন্ন করেছেন।
সূত্র: আলজাজিরা

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.