সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের বাসিন্দা ও সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে কালিঞ্জা গ্রামে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ চলাকালে ইলিয়াসের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে রাতে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ইলিয়াসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত ইলিয়াসকে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ইলিয়াসের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.