বরিশালে শিল্প জরিপ নিয়ে বিভাগীয় কর্মশালা আয়োজন করল বিডা, এডিবি ও সানেম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে গত বুধবার (১৫ জুলাই) বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে “সার্ভে অব ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ” শীর্ষক একটি বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শিল্প জরিপ সম্পর্কে ধারণা দেওয়া, এর পরিধি ও উদ্দেশ্য তুলে ধরা, বরিশাল বিভাগের সম্ভাবনাময় খাত ও বিনিয়োগ-সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা এবং জরিপের তথ্য যাচাইয়ে স্থানীয় অংশীজনদের সহযোগিতা চাওয়াই ছিল কর্মশালার মূল লক্ষ্য। এতে বিডা ও জেলা প্রশাসনের কর্মকর্তা, চেম্বার অব কমার্সের সদস্য, উদ্যোক্তাসহ বিভাগের বিভিন্ন অংশীজন অংশ নেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান। তিনি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্বেগের বিষয় তুলে ধরে বলেন, এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই এ জরিপ পরিচালিত হচ্ছে।

এডিবি বাংলাদেশের ইকোনমিকস অফিসার মো. রবিউল ইসলাম রবি ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালা আয়োজনের জন্য বিডা ও সানেমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে এ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর ফলাফল দেশে আরও বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। পাশাপাশি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ককে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

সম্মানিত অতিথির বক্তব্যে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবাদুল হক চাঁদ বলেন, কৃষিভিত্তিক শিল্প বরিশালের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের সংরক্ষণেও গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূমিকার কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার বলেন, বিনিয়োগকারীদের সহযোগিতা পেলে বরিশালের প্রাকৃতিক সম্পদ এ অঞ্চলকে একটি শিল্পকেন্দ্রে পরিণত করতে সক্ষম।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ নীল দেশীয় বিনিয়োগকারীদের অর্থ পাচার রোধ, শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব এবং নতুন প্রযুক্তির মাধ্যমে লবণ ও মিঠা পানির সমন্বয়ভিত্তিক শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের প্রযুক্তিতে বিনিয়োগ বরিশালের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিডার মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক। তিনি আর্থিক সহায়তার জন্য এডিবি এবং জরিপ ও তথ্যভাণ্ডার তৈরিতে সহযোগিতার জন্য সানেমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বরিশালসহ কয়েকটি বিভাগে এখনও পর্যাপ্ত শিল্পায়ন হয়নি। তাই বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও সমানভাবে উৎসাহিত করা প্রয়োজন।

কারিগরি অধিবেশনে ড. সেলিম রায়হান এবং সানেমের প্রোগ্রাম ডিরেক্টর জুবায়ের হোসেন “সার্ভে অব ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ: স্কোপ, মেথডস অ্যান্ড স্টেকহোল্ডার কো-অপারেশন” শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন। তাঁরা জরিপের উদ্দেশ্য, আওতাভুক্ত শিল্প ও এলাকা, সময়কাল এবং বিনিয়োগকারীদের জন্য এর সম্ভাব্য সুফল তুলে ধরেন। একই সঙ্গে বিডার ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন সুবিধাও উপস্থাপন করা হয়।

পরে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সম্ভাবনাময় খাত, বিনিয়োগের প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ওষুধ শিল্প, মৎস্য খাত, সরিষা চাষ, অ্যান্টিবায়োটিকমুক্ত পোলট্রি, নারকেল ও নারকেলজাত পণ্য, মহিষের দই, জৈব সার শিল্প এবং ঝালকাঠি, পিরোজপুর ও কুয়াকাটার পর্যটন সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সেলিম রায়হান।

সমাপনী বক্তব্যে বিডার মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। পরে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.