পুঁজিবাজারে যাত্রা শুরুর এক মাসের কিছু বেশি সময়ের মধ্যেই চাপের মুখে পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ারের দাম এখন প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে। এর ফলে কমেছে মাস্কের সম্পদমূল্যও।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ জুলাই) স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩২ দশমিক ৬২ ডলারে। অথচ গত জুনে আইপিওর সময় প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১৩৫ ডলার।
আইপিও-পরবর্তী সময়ে একপর্যায়ে স্পেসএক্সের শেয়ারের দাম সর্বোচ্চ ২২৫ ডলারে উঠেছিল। সেই তুলনায় বর্তমানে শেয়ারের দর প্রায় ৪১ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, শেয়ারের বর্তমান মূল্য আরও কিছুদিন এ অবস্থায় থাকলে বা আরও কমে গেলে আইপিওর সময় বা এর কাছাকাছি সময়ে শেয়ার কেনা অনেক বিনিয়োগকারী লোকসানের মুখে পড়তে পারেন।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতা থাকলেও স্পেসএক্সের দরপতন ছিল তুলনামূলক বেশি। বুধবার নাসডাক সূচক যেখানে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ কমেছে, সেখানে একই দিনে স্পেসএক্সের শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমেছে।
এক মাস আগে লেনদেন শুরু হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। তালিকাভুক্তির পর বিনিয়োগকারীদের আগ্রহে স্পেসএক্সের বাজারমূল্য একসময় আমাজন ও মাইক্রোসফটকেও ছাড়িয়ে যায়। তবে এরপর থেকেই শেয়ারের দর ধারাবাহিকভাবে কমতে শুরু করে।
বাজার বিশ্লেষকদের মতে, শুরুতে অনেক বিনিয়োগকারী স্পেসএক্সকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অন্যতম বড় সুযোগ হিসেবে দেখেছিলেন।
চলতি বছরের শুরুতে স্পেসএক্স ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইকে অধিগ্রহণ করে এবং পরে এর নাম পরিবর্তন করে স্পেসএক্সএআই রাখা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এআইভিত্তিক ব্যবসায় প্রবেশ করে।
এক্সএআই মূলত ‘গ্রক’ চ্যাটবটের জন্য পরিচিত। অধিগ্রহণের পর স্পেসএক্স অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে তাদের ডেটা সেন্টার ভাড়া দেওয়ার কার্যক্রমও শুরু করেছে।
স্পেসএক্সের মূল ব্যবসা রকেট তৈরি ও উৎক্ষেপণ এবং স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা পরিচালনা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি বড় ডেটা সেন্টার প্রকল্প নিয়ে স্থানীয়দের উদ্বেগ এবং স্টারলিংক সেবার মূল্য কমানোর ঘোষণার পর একদিনেই স্পেসএক্সের শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়।
বিনিয়োগ প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ ব্রোকারসের প্রধান বাজার বিশ্লেষক স্টিভ সসনিক রয়টার্সকে বলেন, সম্প্রতি এমন কোনো ইতিবাচক ঘটনা ঘটেনি, যা বিনিয়োগকারীদের স্পেসএক্সের শেয়ার নিয়ে আশ্বস্ত করতে পারে।
আগস্টে তালিকাভুক্তির পর প্রথম ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করবে স্পেসএক্স। ওই ফলাফল বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্টিভ সসনিক বলেন, আইপিও মূল্যের চেয়ে কয়েক ডলার কমে যাওয়া মানেই বড় সংকট নয়। তবে স্পেসএক্সের মতো বড় প্রতিষ্ঠানের শেয়ারের দামের ওঠানামা পুরো বাজারের মনোভাবেও প্রভাব ফেলে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
কমেছে মাস্কের সম্পদ
ফোর্বসের তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের দর কমে যাওয়ায় ইলন মাস্কের সম্পদমূল্যও হ্রাস পেয়েছে। বুধবার এক দিনেই তাঁর সম্পদ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার কমেছে।
বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৮৬০ বিলিয়ন ডলার। ট্রিলিয়নিয়ার হওয়ার পর থেকে তাঁর সম্পদমূল্য ১৪০ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.