চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমে জানুয়ারি-জুন মেয়াদে কার্যকর থাকা একই সুদের হার ও শর্ত বহাল থাকবে।
সোমবার (৬ জুলাই) এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে সুদের হার ও বিনিয়োগ-সংক্রান্ত শর্ত কার্যকর ছিল, আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্তও তা অপরিবর্তিত থাকবে। ফলে নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয় স্কিমে বিনিয়োগকারী গ্রাহকরা আগের মতোই বিদ্যমান সুদের হার অনুযায়ী মুনাফা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত ২ জুলাই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে নতুন বিনিয়োগকারী এবং যেসব গ্রাহক নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র কিনবেন, তারা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আগামী ৬ মাস জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের জন্য সুদের হার ও বিনিয়োগ-সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় কোনো পরিবর্তন থাকছে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.