সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বিদ্যুৎ বিভাগ। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এর আগে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সময়সূচি কার্যকর হয়েছে। ফলে এখন থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.