যুদ্ধবিরতির মধ্যই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

আবারও যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি।

ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সৈন্যদের রক্ষা ও আত্মরক্ষার জন্য এসব চালানো হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে।

এদিকে, এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সংঘাত নিরসনের কোনো চুক্তি ‘আসন্ন নয়’।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, ক্যাপ্টেন হকিন্স বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণের একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি ইরানি নৌঘাঁটির আবাসস্থল।

সবশেষ মার্কিন হামলার জবাবে ইরান এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে এই হামলার ঠিক পূর্বমুহূর্তে ইরানের দক্ষিণাঞ্চলীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী ‘বন্দর আব্বাস’-এ বিকট বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আকস্মিক বিস্ফোরণের পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং বর্তমানে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

নতুন এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.