যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর চেষ্টা, ফের তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও তেহরানে গেছেন। তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ‘আগের সফরেরই ধারাবাহিকতা’ এবং তার এজেন্ডা হলো আলোচনা (যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে) পুনরুজ্জীবিত করা।

এছাড়া, ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মোহসিন নাকভি এর আগে প্রায় চার দিন ইরানে অবস্থান করেছিলেন এবং গত মঙ্গলবার পাকিস্তানে ফিরে যান। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেন।

ইরান থেকে ফিরে আসার পর মঙ্গলবার মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার সফর সম্পর্কে অবহিত করেন।

পাকিস্তান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত প্রকাশ করেনি। তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক বার্তা আদান-প্রদান করছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.