রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর থেকেই শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে রাজশাহী শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনালসহ কোনো কাউন্টার থেকে নির্ধারিত রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে সাধারণ নির্বাচন ছাড়া এভাবে পকেট কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের একটি বড় অংশ আন্দোলনে নামে। তাদের দাবি, সদ্য ঘোষিত এই অবৈধ কমিটি বাতিল করে অবিলম্বে তিন মাসের জন্য একটি নিরপেক্ষ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের বিষয়টি জানার পর থেকেই আমরা আন্দোলনকারীদের সাথে দফায় দফায় কথা বলেছি। তাদের অনেকভাবে বুঝিয়েছি যে, সামনে ঈদ, মানুষ বাড়ি ফিরবে, তাই এখন বাস বন্ধ রেখে দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যেহেতু নতুন কমিটি ঘোষণা হয়েছে, কিছুদিন যাক, আমরা দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করব। আশা করছি, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে পারব।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.