গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি চারজন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাম শনাক্ত হয়ে শিশুটি সিলেটে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটে একটি করে শিশু মারা গেছে। এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ২২০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৩ হাজার ৩৮৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ১৮ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.