দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে আজ (২০ এপ্রিল) থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। এদিন সকাল সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এবারের বিশেষ এই টিকাদান কর্মসূচির আওতায় দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা থেকে মুক্ত রাখতেই সরকারের এই বিশাল কর্মযজ্ঞ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমান কর্মসূচিটি কয়েকটি ধাপে বিন্যস্ত করা হয়েছে:
প্রথম ধাপ: গত ৫ এপ্রিল থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
দ্বিতীয় ধাপ: গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে শুরু হওয়া কার্যক্রম চলবে ১২ মে পর্যন্ত।
বিশেষ ক্যাম্পেইন: আজ ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি সিটি করপোরেশন এলাকায় ২০ মে এবং অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। হাম ও রুবেলা নির্মূলে সরকারের এই উদ্যোগ সফল করতে অভিভাবকদের সচেতন হতে হবে।” তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং চিকিৎসা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.