আর্থিক ব্যবস্থাপনায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

স্বচ্ছতা, সুশাসন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতি পাওয়া পেশাজীবীদের সাফল্য উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিকসের মতো প্রযুক্তিগত অগ্রগতির কারণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশায় দ্রুত পরিবর্তন ঘটছে। এ সময় তিনি নবীন সিএদের উদ্ভাবন গ্রহণ করে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।

তার মতে, এই পেশাজীবীদের শুধু হিসাবরক্ষকের ভূমিকায় সীমাবদ্ধ না থেকে কৌশলগত পরামর্শক ও আর্থিক খাতের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও জাতির উন্নয়নে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সিএরা দেশের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় বুদ্ধিবৃত্তিক কারিগর হিসেবে অবদান রাখছেন। আইসিএবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.