আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন- অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।
এসময় স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় , ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে ও কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এছাড়াও কিভাবে জরুরিভাবে শিক্ষক নেয়া যায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.