মধুমতি ব্যাংকের এএমএল ও সিএফটি সম্মেলন অনুষ্ঠিত

আর্থিক অপরাধ, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সচেতনতা এবং ব্যাংকের কমপ্লায়েন্স কার্যক্রম জোরদার করতে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৬’ আয়োজন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। দিনব্যাপী এ সম্মেলনে ব্যাংকটির প্রায় ৮০০ কর্মকর্তা ভার্চুয়ালি অংশ নেন।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অডিটোরিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের (এএমএলডি) পরিচালক এ টি এম কামরুল কবির ভূঁইয়া।

বক্তারা তাদের বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম।

দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন কারিগরি অধিবেশন পরিচালনা করেন রিসোর্স পারসন হিসেবে বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মাহমুদুল হক ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের এএমএলডির যুগ্ম পরিচালক মো. জামাল হোসেন এবং বিআইবিএমের আইসিটি বিশেষজ্ঞ অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম।

এতে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আরব ফজলুর রহমান, অন্যান্য উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকরা সরাসরি অংশ নেন। এ ছাড়া জেনারেল ব্যাংকিং, ঋণ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.