পরীক্ষায় এআই জালিয়াতি, পদত্যাগ করলেন কোরিয়ার শিক্ষামন্ত্রী

পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া পদক্ষেপ ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। গত বৃহস্পতিবার দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ চলাকালে এআইয়ের সহায়তায় জালিয়াতি ঠেকাতে নেওয়া জরুরি ব্যবস্থাপনায় সৃষ্ট বিভ্রান্তির দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (২২ নভেম্বর) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপকে চোই বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার দায় তিনি এড়াতে পারেন না। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছরের সুনেউং পরীক্ষায় প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেন। এ সময় ১১১ জনের কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া যায়।

সম্প্রতি জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া হান ওন-সক এআই ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। ৩৪ বছর বয়সী হান জানান, ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনে উত্তর যাচাই করতেন।

এ ঘটনার পর সুনেউং পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে দেশজুড়ে তিন দফায় মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। ফোন নীরব অবস্থায় থাকলেও এসব সতর্কবার্তা বেজে ওঠে।

পরীক্ষার্থীদের পোশাকের বোতাম ঢেকে রাখতে এবং চশমা পরীক্ষা করাতেও বাধ্য করা হয়, যাতে লুকানো ক্যামেরা ব্যবহার করা না যায়। এতে সৎ পরীক্ষার্থীদের মধ্যেও সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়।

দক্ষিণ কোরিয়ায় প্রায় নয় ঘণ্টার সুনেউং পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির লাখ লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণে এ পরীক্ষার ফল বড় ভূমিকা রাখে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.