বিশ্বের বৃহত্তম আইপিওর রেকর্ড গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের কোম্পানি অ্যানথ্রপিক ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) রেকর্ড গড়েছে। মার্কিন পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) অ্যানথ্রপিকের প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করা হয়। প্রাথমিকভাবে নির্ধারিত ৭০ থেকে ৭৮ ডলারের মূল্যসীমার চেয়েও বেশি দামে শেয়ার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে প্রায় ৯৮ কোটি শেয়ার বিক্রির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

নাসডাক পুঁজিবাজারে বৃহস্পতিবার ‘এএনটি’ প্রতীকে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। আইপিওর পর কোম্পানিটির সম্পূর্ণ রূপান্তরিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

আইপিওতে শেয়ার বিক্রির পর অ্যানথ্রপিকের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির শেয়ারের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি থাকায় প্রাথমিক পরিকল্পনার তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি শেয়ার বিক্রি করা হয়েছে। এর আগে আইপিওতে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে রেকর্ড গড়েছিল স্পেসএক্স। তবে স্পেসএক্সের অতিরিক্ত শেয়ার বিক্রিসহ মোট সংগ্রহের পরিমাণ ছিল ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

অ্যানথ্রপিকের আইপিও প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ এবং এ খাতের কোম্পানিগুলোর ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন ঘটেছে এই উদ্যোগে।

অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ২০২১ সালে কয়েকজন গবেষককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তারা এর আগে ওপেনএআইয়ে কাজ করতেন। প্রতিষ্ঠানটি মূলত ক্লড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল তৈরির জন্য পরিচিত। ব্যবসাপ্রতিষ্ঠান ও সফটওয়্যার নির্মাতাদের কাছে এসব প্রযুক্তি ও সেবা বিক্রি করে অ্যানথ্রপিক।

চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবসায় দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে কোড লেখার কাজে ব্যবহৃত ক্লড কোডের জনপ্রিয়তা এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে অ্যানথ্রপিকের আয় হয়েছে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ হাজার ২০০ শতাংশ বেশি।

তবে একই সময়ে প্রতিষ্ঠানটি ১০৪ বিলিয়ন ডলারের নিট লোকসান দেখিয়েছে। এর বড় অংশ এসেছে রূপান্তরযোগ্য নোট ও ডেরিভেটিভ দায়ের ন্যায্য বাজারমূল্য পরিবর্তনের কারণে। আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার। অক্টোবরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির বার্ষিকীকৃত আয়ের হার প্রায় ৮১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অ্যানথ্রপিকের সঙ্গে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব ও গ্রাহক হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। অ্যামাজন ও গুগলের প্রতিষ্ঠানটিতে বড় অঙ্কের শেয়ার রয়েছে। এ ছাড়া গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান আইপিও মূল্যে সম্মিলিতভাবে ২৬ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে।

অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল পরিচালনা ও উন্নয়নের জন্য এনভিডিয়া, গুগল, অ্যামাজন ও এএমডির কাছ থেকে ব্যয়বহুল প্রযুক্তি অবকাঠামো ও সরঞ্জাম কিনছে অ্যানথ্রপিক। তবে নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির একাধিক বিরোধও তৈরি হয়েছে। এসব বিষয়কে বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি হিসেবে প্রসপেক্টাসে তুলে ধরেছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই জানিয়েছেন, প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকিগুলো সতর্কতার সঙ্গে মোকাবিলা করে মানবজাতির কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা কাজে লাগানোই তাদের লক্ষ্য।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.