এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৫ অক্টোবর ২০২৬, অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহীন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আবদুল কাইয়ুম খান এবং সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং ও বিজনেস ইউনিট প্রধান সিরাজুল আমিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক প্রধানগণ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্টরা অংশ নেন।

সভায় জানানো হয়, এনআরবিসি ব্যাংক ২০১৪ সালে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় এনআরবিসি ব্যাংকের প্রায় ৬২৩টি এজেন্ট ব্যাংকিং বুথ রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ অন্যদের ব্যাংকিং সেবা প্রদান করা হয়। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪২৫টি এবং হিসাবগুলোতে জমাকৃত অর্থের পরিমাণ ৬৮ কোটি টাকা।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীন হাওলাদার বলেন, ‘মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, শিক্ষার্থী এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য এ সেবা আরও সহজলভ্য করতে আমরা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে শক্তিশালী করতে চাই।’ তিনি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়ন, নিয়মনীতির পরিপালন এবং গ্রাহকের আস্থা ধরে রাখার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিং ও স্কুল ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.