৪০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং সিমুলেটর কেনার সিদ্ধান্ত

দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪০টি ড্রাইভিং সিমুলেটর উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বাস্তবায়নে ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ প্রকল্পের আওতায় এসব সিমুলেটর সংগ্রহ করা হবে।

প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন ড্রাইভিং প্রশিক্ষণের পরিবেশ তৈরি করা। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্বাচিত ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটি করে উচ্চমানের ড্রাইভিং সিমুলেটর স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে সময়ের স্বল্পতার কারণে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা কঠিন হওয়ায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে সিমুলেটরগুলো সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট প্যাকেজে উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ৯ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্পের আওতায় চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত ৬৬ হাজার ৫৯৬ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে ও বিদেশে ৪২ হাজার ৭৭০ জনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.