শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

সপ্তাহে ছয় দিন দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার ক্ষেত্রে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং অন্য তিন দিন রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলোর বিস্তারিত তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুতের ওপর চাপ কমানো এবং বিকল্প জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে আর্থিক সহায়তা দেবে সরকার। এ জন্য সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। তবে প্যানেলের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণের ওপর জোর দিয়েছে সমিতি। নিম্নমানের প্যানেল সরবরাহ কিংবা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিএসটিআইয়ের জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

বৈঠকে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তাদের ভাষ্য, দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। সাধারণ গ্রাহকরা এসব ঘটনাকে লোডশেডিং হিসেবে বিবেচনা করলেও সমিতির মতে, এর উল্লেখযোগ্য অংশ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে হচ্ছে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করা হয়। এতে বলা হয়, থাইল্যান্ডে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হন। বিপরীতে বাংলাদেশে প্রতিদিন তিনবার করে বিভ্রাট হলে একজন গ্রাহককে বছরে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতিতে পড়তে হয়। এ সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

প্রিপেইড বিদ্যুৎ মিটারের বিভিন্ন চার্জ নিয়েও অসন্তোষের কথা জানান সমিতির নেতারা। তারা বলেন, মিটারে টাকা রিচার্জ করার পর গ্রাহকরা রিচার্জ করা সম্পূর্ণ অর্থ দেখতে পান না। বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। এতে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। মিটারের ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ বিষয়ে পরিপত্র জারি না হওয়ায় কিছু এলাকায় এখনো ভাড়া কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সমিতির প্রস্তাব, মোবাইল ফোনে ব্যালান্স রিচার্জের মতো প্রিপেইড মিটারেও গ্রাহকের জমা দেওয়া সম্পূর্ণ অর্থ প্রদর্শিত হতে হবে। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করার প্রস্তাবও দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী এ প্রস্তাব গ্রহণ করেছেন।

এদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির ঘটনাও বৈঠকে তুলে ধরা হয়। সমিতির অভিযোগ, বিভিন্ন এলাকায় শত শত বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হচ্ছে। এতে গ্রাহকদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। এসব চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.