দক্ষিণ এশিয়ার হিসাববিদদের আঞ্চলিক সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ‘পাওয়ার অ্যান্ড এনার্জি’ ক্যাটাগরিতে ‘সার্টিফিকেট অব মেরিট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল)।
শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সামিট পাওয়ারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আখন্দ (অব.)। তার হাতে সম্মাননা তুলে দেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ।
অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ এবং সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।
সাফা দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী আর্থিক প্রতিবেদন, স্বচ্ছতা ও করপোরেট সুশাসনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড ১৯৯৭ সালে বাংলাদেশে নিবন্ধিত হয়। ২০০৪ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি মোট ৭৯২ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ১১টি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে।
দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় সামিট পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বিআরইবি) বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির আইএসও ৯০০১, আইএসও ১৪০০১ ও আইএসও ৪৫০০১ সনদ রয়েছে।
সাফা দক্ষিণ এশিয়ার হিসাবরক্ষণ পেশাজীবীদের একটি আঞ্চলিক সংগঠন। হিসাবরক্ষণ পেশার উন্নয়ন, আর্থিক প্রতিবেদন ও সুশাসনের মানোন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করে সংস্থাটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.