গোপালগঞ্জে বিকাশ-নগদসহ পৌনে দুই লাখ হিসাব বন্ধ

সন্দেহজনক আর্থিক লেনদেনের অনুসন্ধানে গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এসব হিসাব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় স্থগিত করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট হিসাব থেকে টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না গ্রাহকেরা।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএফআইইউর সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এসব হিসাবের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসাবগুলো ব্যবহার করে সন্দেহজনক অর্থ স্থানান্তর বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট হিসাবগুলোর লেনদেনে অস্বাভাবিকতা এবং সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব হিসাবের প্রকৃত ব্যবহারকারী কারা, এর মাধ্যমে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে কিংবা কোনো অপরাধের সঙ্গে এগুলোর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

হিসাবগুলোর লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় গোপালগঞ্জের গ্রাহকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন—বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল গ্রাহকেরা সমস্যায় পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা টাকা আদান-প্রদান ও নগদ অর্থ উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন।

জেলার বিভিন্ন এলাকায় গত বুধবার রাত থেকে মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন বন্ধ হওয়ার বিষয়টি সামনে আসতে শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও হিসাবের কার্যক্রম স্থগিত করা হয়। রোববার সকালেও অনেক গ্রাহক টাকা উত্তোলন ও পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন এজেন্ট পয়েন্টে যান। তবে লেনদেন বন্ধ থাকার বার্তা পাওয়ায় প্রয়োজনীয় সেবা ছাড়াই তাদের ফিরে যেতে হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.