সাফার দুই ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) দুটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ক্যাটাগরি দুটি হলো বেসরকারি ব্যাংক এবং করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজার্স।

গত ২৮ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ সাফার সভাপতি হুমায়ুন কবির, এফসিএর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বির আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকটির এসইভিপি ও ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আজিম।

দুটি পৃথক ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জনের মাধ্যমে বার্ষিক প্রতিবেদন প্রকাশ এবং করপোরেট গভর্ন্যান্স-সংক্রান্ত তথ্য প্রকাশে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.