বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে বগুড়ায় লিড আয়োজক এসবিএসি ব্যাংক

তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের সহজ শর্তে অর্থায়নের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির অধীনে বগুড়ায় কর্মশালার আয়োজন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদর উপজেলার টিএমএসএস মহিলা মার্কেটের গোধূলী হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লিড আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে এসবিএসি ব্যাংকের বগুড়া শাখা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বগুড়া জেলার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের অতিরিক্ত পরিচালক খালেদা দিলরুবা এবং এসবিএসি ব্যাংকের এসইভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আকতার।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এসবিএসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক। এতে বগুড়ার বিভিন্ন ব্যাংকের অঞ্চল ও শাখাপ্রধানসহ তিন শতাধিক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে প্রকৃত তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করা এবং সহজ অর্থায়নের মাধ্যমে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের কর্মশালার মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা ও অর্থায়নের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.