অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দলে বড় চমক

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত দলে বড় চমক হিসেবে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার ও মাইকেল রে।

শনিবার (২৮ নভেম্বর) আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত এই দলে সাতজন পেসার রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় পেস আক্রমণকে শক্তিশালী করতেই এমন পরিকল্পনা নিয়েছে দলটির নির্বাচকরা।

দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন উইল ও’রুর্ক। ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে কাজের চাপ ব্যবস্থাপনার কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এবার অস্ট্রেলিয়া সফরের আগে তাকে দলে ফেরানো হয়েছে।

এদিকে চোটের কারণে আপাতত দলে নেই অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও পেসার ব্লেয়ার টিকনার। স্যান্টনার হাতের চোট এবং টিকনার হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। সুস্থ হয়ে উঠলে তারা পরে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।

আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয়, ২৬ ডিসেম্বর মেলবোর্নে তৃতীয় এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজ চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.