ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ, মৃত্যু ৪৫ জনের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ বেড়েছে। চলতি বছর রাজ্যটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১৭ জন, মৃত্যু হয়েছে ৪৫ জনের। এক দশকের বেশি সময়ের মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ প্রাদুর্ভাব হিসেবে দেখা হচ্ছে।

ভাইরাসে আক্রান্ত হয়ে দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না ম্যান্ডি বাড নামের এক নারী। গত সেপ্টেম্বরে কোমরে ব্যথা দিয়ে তার অসুস্থতা শুরু হয়। পরে পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বাঁচলেও এখনো শারীরিক থেরাপি নিচ্ছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তার বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে আগে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকা রোগগুলো উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। চলতি বছর ইউরোপের ২০টি দেশে এ ভাইরাসে দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ইতালি, গ্রিস ও ফ্রান্সে সংক্রমণ বেশি।

ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের বসন্তে রেকর্ড তাপপ্রবাহ, গরম গ্রীষ্ম এবং উষ্ণ শরৎ মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের প্রায় দুই মাস আগে।

স্থানীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মশার প্রজনন ঠেকাতে নালায় কীটনাশক প্রয়োগ ও বন্ধ্যা পুরুষ মশা অবমুক্ত করছে। পাশাপাশি বাসিন্দা ও পর্যটকদের বিশেষ করে ভোর ও সন্ধ্যায় মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। তবে প্রায় এক শতাংশ আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ হতে পারে। এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির সমস্যা, এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে। পাখির শরীরে থাকা ভাইরাসবাহী মশার কামড়ে মানুষ সংক্রমিত হয়। উগান্ডায় প্রথম শনাক্ত হওয়া ভাইরাসটি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এখন পর্যন্ত এর কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। সূত্র: এএফপি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.