প্রচলিত ডাকটিকিটের পদ্ধতি থেকে বেরিয়ে ডিজিটাল ব্যবস্থায় রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর মাত্র ১১ মাসের মধ্যে এ খাত থেকে আয় ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। গত ১৫ নভেম্বর পর্যন্ত এ পদ্ধতিতে মোট রাজস্ব আদায় হয়েছে ৫০ কোটি ৬০ লাখ টাকা।
ডাক অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর থেকে পূর্ণাঙ্গভাবে চালু হয় স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা। বর্তমানে দেশের প্রায় ২০০টি ডাকঘরে এ সেবা চালু রয়েছে। চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের মাশুল আদায়ে ব্যবহার করা হচ্ছে এ প্রযুক্তি।
ডাক বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে আয় হয়েছিল ৫৮ টাকা। তবে চলতি বছরের অক্টোবরে ২২ হাজার ৯৯১টি বুকিং থেকে রাজস্ব এসেছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। আর মে থেকে অক্টোবর—এই ছয় মাসে আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, আগামী দুই বছরে ই-ফ্রাংকিং ব্যবস্থার মাধ্যমে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। ই-ফ্রাংকিং ব্যবস্থায় প্রতিটি ডাকপণ্যের জন্য মাত্র ৫০ পয়সা খরচে বারকোডযুক্ত স্টিকার তৈরি করা হয়। এতে প্রচলিত ডাকটিকিট ও ফ্রাংকিং মেশিন কেনা এবং রক্ষণাবেক্ষণের খরচ কমছে। পাশাপাশি ১৩ অঙ্কের স্বতন্ত্র বারকোডের মাধ্যমে প্রতিটি লেনদেন যাচাই করার সুযোগ রয়েছে।
এ ব্যবস্থায় গ্রাহকেরা মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইনে অগ্রিম ডাকমাশুল পরিশোধ করতে পারছেন। বর্তমানে রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে এ সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা ও ফ্র্যাঞ্চাইজি ডাকঘরগুলোতেও ই-ফ্রাংকিং সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.