ইউক্রেনকে ছাড় নয়, পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা পুতিনের

রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার পর এবার পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রুশ তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত থাকলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

মঙ্গলবার এ বিষয়ে কথা বলার সময় জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আহ্বান জানানো সত্ত্বেও কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করেনি। এ বিষয়ে কিয়েভের কর্তৃপক্ষ কোনো পরামর্শই আমলে নিচ্ছে না। ফলে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি অনিবার্য হয়ে উঠেছে।

পুতিন আরও বলেন, তেল শোধনাগারগুলোর পাশাপাশি সেখানে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা প্রয়োজন।

এ সময় গত জুনের শুরুতে ইউক্রেনের শুরু করা উত্তেজনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পুতিনের দাবি, ওই অভিযান ৪০ দিন স্থায়ী করার পরিকল্পনা ছিল। তবে এর মাধ্যমে রাশিয়ার বড় ধরনের ক্ষতি করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে হামলার ঝুঁকি মোকাবিলায় তেল শোধনাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা এবং কর্মীদের সুরক্ষায় বাড়তি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.