ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)। এ লক্ষ্যে সংগঠনটির নির্বাহী কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইবিসিএফ ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, সামগ্রিক বিকাশ, টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ইসলামিক ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ জন্য সদস্য ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
নির্বাহী কমিটির সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান এবং এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজ।
এ ছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন সভায় অংশ নেন।
অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.