যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে খুব দ্রুত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (২৩ নভেম্বর) মিডল ইস্ট আই এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইসমাইল বাঘাই বলেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষায় অটল রয়েছে এবং অপর পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে যত দ্রুত সম্ভব তা পূরণ করবে। তেহরান নিজেদের লক্ষ্য এবং ইরানি জনগণের অধিকার সম্পর্কে সচেতন। এসব অধিকার রক্ষার প্রশ্নে ইরান কোনোভাবেই পিছিয়ে আসবে না।
ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের অবসান এবং ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তেহরানের শর্তের মধ্যে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা নিয়ে ইরান ও ওমানের মধ্যে নৌপথ ব্যবস্থাপনা ও নিরাপদ চলাচলের বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.