বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের পরপরই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু হতে সময় লাগবে আরও ১৪ মাস।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এরপর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করতে ১৪ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। এটির ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। উন্নতমানের এই স্থাপনায় থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক ও তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.