আ.লীগের সহিংসতার বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ রয়েছে: মাহদী আমিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে সক্রিয় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে আলোচলার বিষয় নিয়ে বলতে গিয়ে মাহদী আমিন বলেন, আজকে এখানে যে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে জাতীয় স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা বিশ্বাস করি যে, যেকোনো দেশে যারা পলাতক স্বৈরাচারের পতিত অপশক্তি রয়ে গেছে এবং তারা পালিয়ে গিয়েছে, সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা যেন বাংলাদেশে তৈরি করা না হয়। আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা ও নাশকতা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি একসাথে ঐক্যবদ্ধ রয়েছে।

বৈঠকের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদী বিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মত-পথ, আদর্শ-দর্শনের ঊর্ধ্ব উঠে ঐক্যবদ্ধ রয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এক্ষেত্রে বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.